সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

- সর্বশেষ আপডেট ০৩:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 13
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও এখনো বন্ধ রয়েছে ৩১টি কারখানা। পাশাপাশি পাঁচটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
বন্ধ কারখানাগুলোর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২২টি এবং শ্রমিক বিক্ষোভের কারণে ৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
অন্যদিকে ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশন লিমিটেডে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
সোমবার সকালে অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। তবে নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করে হাজিরা দেওয়ার পর ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে কর্তৃপক্ষ এসব কারখানায় ছুটি ঘোষণা করে।
শিল্পাঞ্চলে উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কয়েকটি কারখানা ছাড়া পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
































