যে কারণে ৫ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংকের লেনদেন

- সর্বশেষ আপডেট ০৬:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 109
কোর ব্যাংকিং সিস্টেম উন্নীত করার জন্য পাঁচ দিন সব ধরনের লেনদেন বন্ধ রাখছে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি। এ জন্য ব্যাংকটিকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২২ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লেনদেন বন্ধ রাখার বিষয়ে গ্রাহকদের আগাম জানানো এবং পর্যাপ্ত প্রচার-প্রচারণা চালানোর শর্তে পদ্মা ব্যাংককে এ অনুমোদন দেওয়া হয়েছে।
এই পাঁচ দিন ব্যাংকটির সব শাখা ও উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং কার্যক্রমও বন্ধ থাকবে। একই সঙ্গে আরটিজিএস, এনপিএসবি লেনদেন এবং এটিএম কার্ড সেবাও বন্ধ থাকবে।
কোর ব্যাংকিং সিস্টেম উন্নীত করার কাজ শেষ হলে ব্যাংকটির স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরায় চালু হবে।





































