জবির পর ববিতেও কর্মকর্তাদের মারধর করেছে ছাত্রদল

- সর্বশেষ আপডেট ০৮:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 107
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাঁদের ধরে এনে প্রক্টর অফিসে হস্তান্তর করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ করেছেন আটক কর্মকর্তারা।
আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ ছাড়া উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাঁদের আটক করা হয়। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক কর্মকর্তারা অভিযোগ করেন, তাঁদের নিজ নিজ কার্যালয় থেকে মারধর করে ধরে এনে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মকাণ্ড হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজন কর্মকর্তাকে মারধর ও হেনস্তার ঘটনা ঘটে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।
পরপর দুই বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের মারধর ও আটকের ঘটনায় শিক্ষাঙ্গনে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।


































