জবিতে পাঁচ কর্মকর্তাকে মারধর, প্রশাসনের কাছে হস্তান্তর

- সর্বশেষ আপডেট ০৬:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 78
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করা হয়।
আটক কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করেন। এ সময় তাঁরা ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যান তাঁরা।
ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে এ অভিযান চালানো হয়েছে। বিভিন্ন দপ্তরে তাঁদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তাঁরা।
এ বিষয়ে ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয় থাকা কর্মকর্তাদের সঙ্গে কোনো আপস করা হবে না। এ অবস্থান থেকে অভিযান চালিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ১ হাজার ৪০০ শিক্ষার্থীর লাশের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। সাংবিধানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তাঁরা ক্রিয়াশীল সব সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। মববাজির বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। তবে গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
মেহেদী হাসান হিমেল আরও বলেন, ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তাঁরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান ছাত্রদলের এ নেতা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টি যাচাই-বাছাই করা হবে। এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।































