ববিতে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

- সর্বশেষ আপডেট ০২:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 101
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ফ্যাসিবাদী অপশক্তির তৎপরতার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মানববন্ধন করেছেন বিএনপিপন্থী শিক্ষকেরা। এ সময় নিষিদ্ধ সংগঠনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর নিচতলায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, সদস্য সচিব ও প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ, অধ্যাপক ছাদেকুর রহমান, সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, সহকারী প্রক্টর গাজী সাখাওয়াত হোসেন ও সহকারী প্রক্টর মিনহাজুল ইসলামসহ অন্য শিক্ষকরা।
সাদা দলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশপন্থী শক্তি ও দেশের জনগণ এসব অপতৎপরতা প্রতিহত করবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সাদা দলের আহ্বায়ক ড. আবদুল আলিম বছির বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তাঁর মতে, এসব কর্মকাণ্ড কোনো সন্ত্রাসী সংগঠন ছাড়া অন্য কারও পক্ষে করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কারও দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। দেশের বন্ধু থাকতে পারে, কিন্তু কোনো প্রভু থাকতে পারে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধন থেকে দেশের শান্তি, শৃঙ্খলা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন শিক্ষকরা।































