জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ

- সর্বশেষ আপডেট ১০:১৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 94
দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। এর ২৯ মিনিট পর উৎপাদন দাঁড়ায় ৩৫০ মেগাওয়াটে। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ ৩০০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। পরে সাংবাদিকদের তিনি জানান, পরীক্ষামূলক কার্যক্রমের ফল সন্তোষজনক। এ পর্যায়ে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রিডে সংযোগ দেওয়ার আগে বিদ্যুৎকেন্দ্র ও জাতীয় গ্রিডের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা হয়। এরপর গ্রিড সিনক্রোনাইজেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে কেন্দ্রটির জেনারেটর, টারবাইন ও নিয়ন্ত্রণব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিতভাবে পরিচালনার পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দফায় ৮ থেকে ১০ ঘণ্টা সরবরাহ
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
এরপর কারিগরি পরীক্ষার জন্য ইউনিটটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য আবারও গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো-কমানো হবে। কোনো কোনো পরীক্ষা সম্পন্ন করতে সাময়িকভাবে ইউনিট বন্ধও রাখতে হতে পারে।
বাণিজ্যিক উৎপাদনের আগে আরও পরীক্ষা
রূপপুর প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পারমাণবিক চুল্লি, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, এই পরীক্ষামূলক পরিচালনা পর্ব শেষ হতে প্রায় ১০ মাস লাগবে। এরপর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের আশা, আগামী বছরের অক্টোবর নাগাদ বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তবে উৎপাদন বাড়ানোর বিষয়টি পরীক্ষার ফলাফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করবে।
দুই ইউনিটে উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
প্রতিটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। এর মধ্যে নিট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ হাজার ১৬০ মেগাওয়াট।
প্রথম ইউনিটের পরীক্ষামূলক সংযোগ অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


































