জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে
- সর্বশেষ আপডেট ০৭:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 9
প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি। রাজধানীর গুলশানে নিজের বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করেছেন এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন’ কর্মসূচি পর্যালোচনা সভায় তিনি এ তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, গত তিন দিনে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ উৎপাদন, ব্যবহার ও জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমবায় ভবনসহ জাতীয় পর্যায়ের সব সরকারি ভবনের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। এতে সংশ্লিষ্ট ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসায়িকভাবে দেখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সরকারি ভবনগুলোর ছাদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিধি বাড়ানো হবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
দুর্গাপূজাকে সামনে রেখে কোনো মহল যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান মীর শাহে আলম। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগের জন্য ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
ইউএনওদের জন্য একটি ঐচ্ছিক তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এলাকার দরিদ্র মানুষ নানা প্রয়োজনে ইউএনওদের কাছে সহায়তা চান। প্রত্যেক ইউএনওকে একটি ঐচ্ছিক ফান্ড দেওয়া হলে জরুরি প্রয়োজনে দরিদ্র মানুষকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থের জোগান দিতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে।
সৌরবিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়ন হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন তাঁরা সরাসরি তদারকি করছেন। প্রতিবছর ডিসি সম্মেলনের মতো ইউএনওদের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন দাবি-দাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগের সরকারের সময় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। কিন্তু বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে দিনের ভোট রাতে করা বা ডামি নির্বাচন আয়োজনের নির্দেশ দেবে না।
রাজনৈতিক বিষয়েও বিএনপি সরকার ব্যবস্থা নেওয়া শুরু করেছে দাবি করে মীর শাহে আলম বলেন, মিরপুরের ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।



































