শরীয়তপুরে নিরাপদ অভিবাসন নিয়ে ২১ সাংবাদিককে প্রশিক্ষণ

- সর্বশেষ আপডেট ১২:১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 77
নিরাপদ অভিবাসন, মানবপাচার ও দালালের প্রতারণাসহ অভিবাসন খাতের নানা ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশে দক্ষতা বাড়াতে শরীয়তপুরে ২১ সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), রাইটস যশোর ও সিনেমাআরেনার যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ এবং দৈনিক কালবেলার চিফ রিপোর্টার ইউসুফ আরেফিন।
এ সময় বক্তব্য দেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন, রাইটস যশোরের ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত এবং শরীয়তপুর জেলা ব্যবস্থাপক প্রণব কুমার দাস।
প্রশিক্ষণে অভিবাসনবিষয়ক সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ, অভিবাসন ব্যয়, কর্মীদের অধিকার, দালালের প্রতারণা, মানবপাচার এবং বিদেশগামী কর্মীদের নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পায়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে গেলেও সঠিক তথ্যের অভাব, অবৈধ পথে বিদেশযাত্রা এবং দালালের প্রতারণায় অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, অভিবাসন নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং অভিবাসীদের ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা জরুরি। সংবেদনশীল ঘটনা প্রকাশেও মানবিক দৃষ্টিভঙ্গি ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করতে হবে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকেরা অভিবাসন খাতের অনিয়ম ও ঝুঁকি নিয়ে আরও বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর প্রতিবেদন তৈরি করতে পারবেন। একই সঙ্গে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতেও ভূমিকা রাখবেন।

































