ঋণ নয়, জলবায়ু তহবিলে অনুদান চায় বাংলাদেশ

- সর্বশেষ আপডেট ০২:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 112
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর লিডার্স সামিটে অংশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। জলবায়ু তহবিল থেকে ঋণের পরিবর্তে অনুদান, অভিযোজন কার্যক্রমে অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তার দাবি তুলে ধরার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।
গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে আনতালিয়া এক্সিবিশন সেন্টারে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। পরে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ ও মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফানের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, লন্ডনের মেয়র সাদিক খান এবং ওআইসির মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।
দুপুর সোয়া ১২টায় বিশ্বনেতাদের অংশগ্রহণে শুরু হয় লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে।
উজবেকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ
জলবায়ু সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন। গতকাল বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
চীনা বিনিয়োগে গুরুত্ব
চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এতে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ সম্ভাবনাময় বিভিন্ন প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি বৈঠকে উঠে আসে। বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ সংকট নিরসনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন বলে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
এরদোয়ানের নৈশভোজে প্রধানমন্ত্রী
কপ৩১ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন ডা. জোবাইদা রহমান। আনতালিয়ার সম্মেলনস্থলের গ্রিন জোনে আয়োজিত এ নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী।
বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন
গতকাল বিকেলে কপ৩১ সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন তিনি।
প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। প্যাভিলিয়নে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রদর্শিত পণ্য, কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী।
অনুদান চায় বাংলাদেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সমকালকে বলেন, কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার জলবায়ু অর্থায়ন। বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের অবদান সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনের মতো সংকট মোকাবিলায় বিপুল অর্থ ও উন্নত প্রযুক্তি প্রয়োজন।
তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত অর্থের জোগান এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা নিশ্চিত করা জরুরি। কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের এসব দাবি বিশ্বনেতাদের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনাও রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের ক্ষেত্রে ঋণের পরিবর্তে অনুদান প্রয়োজন। বাংলাদেশ জলবায়ু তহবিল থেকে অনুদান প্রত্যাশা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে এ দাবি তুলে ধরবেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি এবং তা মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগের বিষয়গুলোও আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ও কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধি দলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশ শুধু নিজেদের জলবায়ু সংকটের কথা তুলে ধরতে চায় না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখতে চায়। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দেশটিকে।
এ কারণে অভিযোজন তহবিল, প্রশমন তহবিল এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জোরালোভাবে তুলে ধরছে বাংলাদেশ।


































