নরসিংদীতে মেয়র পদে নাহিদকে চান বিএনপি সমর্থকরা

- সর্বশেষ আপডেট ০৩:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 165
নরসিংদী পৌরসভা নির্বাচনে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে দেখতে চান পৌরবাসী ও বিএনপির সমর্থকদের একটি অংশ। এ জন্য তারা নাহিদের প্রতি দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
সিদ্দিকুর রহমান নাহিদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২৩ সালে ঘোষিত নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে তাকে সভাপতি করা হয়। পরে নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে তাকে ছাত্রবিষয়ক সম্পাদক করা হয়।
তার অনুসারীদের দাবি, বিএনপির দুঃসময়ে নাহিদ দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কারণে তিনি মামলা, হামলা, হয়রানি ও গুমের শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা। তাদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নাহিদ দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।
সমর্থকদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নাহিদকে দীর্ঘ সময় গুম করে রাখা হয়েছিল। সে সময় তার মুক্তির দাবিতে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দলের নেতারা বক্তব্য দিয়েছেন এবং তাকে জীবিত ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন হয়েছে বলেও তারা জানান।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর একটি অংশের দাবি, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে নাহিদের রাজনৈতিক ঘনিষ্ঠতা রয়েছে। এদিকে নাহিদের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
নাহিদের সমর্থকদের দাবি, নরসিংদী পৌর এলাকার বড় বাজারসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তাদের ভাষ্য, চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কয়েকটি ঘটনায় তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন নাহিদ।
এ ছাড়া নাহিদের নেতৃত্বে শহরের পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, সড়ক যোগাযোগ ও নাগরিক সেবাসহ বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় নেতাকর্মীরা কাজ করছেন বলে তার সমর্থকরা জানান।
এর আগে নরসিংদী পৌরসভার নাগরিয়াকান্দি ও শালিধা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা সমাধানে নাহিদের উদ্যোগের কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে তার অনুসারীরা জানান।
নাহিদের প্রত্যক্ষ নেতৃত্বে দীর্ঘদিন পরিত্যক্ত ও ব্যবহারের অনুপযোগী একটি পুকুর পরিষ্কার করে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে কচুরিপানা, বর্জ্য ও মশার প্রজননস্থলে পরিণত হওয়া পুকুরটি পরিষ্কার করায় স্থানীয় বাসিন্দারা উপকৃত হয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, পুকুরটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় পরিপূর্ণ ছিল। নাহিদের উদ্যোগে এটি পরিষ্কার হওয়ায় এলাকার পরিবেশের উন্নতি হয়েছে। এ উদ্যোগের জন্য তারা নাহিদ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে নরসিংদী পৌর কেন্দ্রীয় কবরস্থানে জলাবদ্ধতা ও অপরিচ্ছন্নতার কারণে ভোগান্তির অভিযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন। কবরস্থানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।
সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং খায়রুল কবির খোকন এমপির নেতৃত্বে জনস্বার্থে এলাকার সামাজিক ও সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।































