বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী
সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার চায় সরকার

- সর্বশেষ আপডেট ০৩:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 160
সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য ও সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার। জনগণের প্রত্যাশা প্রতিফলিত করে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক সংবিধান গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং বাংলাদেশের নতুন যাত্রাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই আলোচনা শুরুর দিন-তারিখ ও অংশগ্রহণকারীদের তালিকা নির্ধারণ করা হবে। বিরোধী দলের জন্য সংরক্ষিত পাঁচটি সদস্যপদের নাম এখনো না এলেও সরকার আশাবাদী, তারা শিগগিরই প্রতিনিধি মনোনয়ন দেবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিরোধী দল চাইলে কমিটির বৈঠকে অংশ নিয়ে মতামত দিতে পারবে। আবার বৈঠকের বাইরে লিখিত প্রস্তাব দিলেও তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সবার মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব ও প্রতিবেদন প্রস্তুত করা হবে।
সংবিধান সংস্কারের পথে কোনো বড় বাধা দেখছেন কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটিকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণের একটি দায়িত্ব হিসেবে দেখছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
তিনি জানান, রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করলে তাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করা হবে। ফলে পুরো প্রক্রিয়া শেষ করতে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনই নির্ধারণ করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদ’-এ উঠে আসা সুপারিশ, ভিন্নমত হিসেবে থাকা প্রস্তাব, সরকারি দলের নির্বাচনী অঙ্গীকার এবং জনস্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে একটি সর্বজনগ্রাহ্য সংবিধান সংস্কারের লক্ষ্যে কাজ করছে সংশোধন কমিটি।































