মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসী আটক
- সর্বশেষ আপডেট ০৩:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 29
মালয়েশিয়ায় গোপন নৌপথে প্রবেশের চেষ্টা করার সময় ভারত ও বাংলাদেশের ১০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা এপিএমএম। কেলান্তানের কোটা ভারু এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, বুধবার গভীর রাতে কেলান্তানের কামপুং কেদাই বুলোহ নদীর তীরে অভিযান চালায় এপিএমএম। সংস্থাটির কেলান্তান শাখার পরিচালক ক্যাপ্টেন কামাল মোহামাদ বলেন, মানবপাচার চক্র গোপন রুট ব্যবহার করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, ‘অপস নাগা’, ‘অপস দামাই’, ‘অপস পেলান্তান মেরাহ’ ও ‘অপস তিরিস’ নামে যৌথ অভিযানের সময় সুঙ্গাই কেলান্তান জলসীমায় সন্দেহজনক গতিতে চলাচলরত একটি নৌকা শনাক্ত করা হয়। পরে রাত প্রায় ১টা ১৫ মিনিটে নৌকাটিকে অনুসরণ করে নদীর তীরে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের আটক করা হয়।
তবে আটক ব্যক্তিদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।





































