ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় দিনে গড়ে ২০ জন নিহত

- সর্বশেষ আপডেট ০৮:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 207
এবারও ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র দেখা গেছে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, ১৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে দেশে ৩৭৩টি দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন।
তাদের মধ্যে নারী ৪৬ জন, শিশু ৬৭ জন। দৈনিক গড় মৃত্যুর হার প্রায় ২০ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে।
প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া ও ফাউন্ডেশনের নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে।
এর মধ্যে মোটরসাইকেল আরোহী ১১৬, বাসযাত্রী ৪১, ট্রাক-পিকআপ আরোহী ১৩, প্রাইভেট কার-মাইক্রোবাস ২০, থ্রি-হুইলার ৫০, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের ৯ এবং বাইসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ।
দুর্ঘটনার অবস্থান ও সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৩০.৮৩% জাতীয় মহাসড়কে, ৪৩.১৬% আঞ্চলিক সড়কে, ১২.৮৬% গ্রামীণ সড়কে, ১১.২৬% শহরের সড়কে এবং ১.৮৭% ফেরিঘাট বা অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।
ভোরবেলা ৬.১৬%, সকাল ২৪.৩৯%, দুপুর ২৩.০৫%, বিকেল ১৭.৯৬%, সন্ধ্যা ৮.০৪% এবং রাত ২০.৩৭% দুর্ঘটনা হয়েছে।
চট্টগ্রাম বিভাগে ২৪.৯৩% দুর্ঘটনা ও ২৪.৮৩% প্রাণহানি ঘটেছে। এরপর ঢাকা বিভাগের ভাগ থাকে ১৭.৪২% দুর্ঘটনা ও ২৪.১৬% প্রাণহানি।
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির হিসাবেও দেখা গেছে, এবারের ঈদে দেশে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জনের মৃত্যু হয়েছে।



































