নরসিংদীতে এমপি বকুলের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী
- সর্বশেষ আপডেট ০৫:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 33
নরসিংদীর রায়পুরায় নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন ‘এক্সসাস’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে রায়পুরার শ্রীরামপুর অডিটরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) মোঃ খালিদ হোসেন এনডিসি। যৌথভাবে সঞ্চালনা করেন এক্সসাস-এর সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোলেমান মিয়া এবং সমন্বয়ক কাজী আসাদুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি তাঁর বক্তব্যে বলেন, রায়পুরার সার্বিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি একটি উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রায়পুরার প্রতিটি এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এই উপজেলাকে দেশের একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে তিনি প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
































