ইরানের সুপ্রিম লিডার হওয়ার প্রস্তাব পেয়ে ট্রাম্প বললেন, ‘না ধন্যবাদ’

- সর্বশেষ আপডেট ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 146
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক অদ্ভুত দাবি তুলে ধরেছেন। ওয়াশিংটনে রিপাবলিকান সমর্থক সমাবেশে তিনি জানিয়েছেন, ইরান তাঁকে দেশটির সর্বোচ্চ নেতা করার প্রস্তাব দিয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য নেই।
ট্রাম্প বলেন, “কেউ এতটা আগ্রহী হয়নি যে ইরানের প্রধান হওয়ার মতো পদটি নিতে, আমি তা চাইনি। তারা চেয়েছিল আমাকে পরবর্তী সুপ্রিম লিডার বানাতে। আমি বললাম না, ধন্যবাদ। আমি চাইনি।”
তিনি আরও দাবি করেছেন, ইরান–যুদ্ধের পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন।
ট্রাম্প আগেই বলেছেন, তিনি আটটি যুদ্ধ সমাধান করেছেন এবং বর্তমানে আরেকটি যুদ্ধে জয়লাভ করছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন পদক্ষেপকে তিনি ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন।
ইরানের সাম্প্রতিক পরিস্থিতিও জটিল। ফেব্রুয়ারি মাসে তেহরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের শীর্ষ নেতারা নিহত হন।
পরে আলি খামেনির পুত্র, মজতবা খামেনিকে সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ করা হয়। এই নিয়োগের পর ট্রাম্প অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান শান্তি আলোচনার জন্য প্রস্তুত হলেও তাদের নিজ দেশের মানুষের ভয়ে সরাসরি আলোচনায় যেতে সাহস হচ্ছে না। “তারা আমাদের ভয় পাচ্ছে, নিজেদের মানুষকেও ভয় পাচ্ছে,” তিনি বলেন।
ইরান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি বলেন, তেহরান কোনো সরাসরি আলোচনা করার পরিকল্পনা করছে না। মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদানপ্রদান শান্তি আলোচনা নয়। তিনি যুক্তি দেন যে, মার্কিন সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ২৭তম দিনে প্রবেশ করেছে এবং যুদ্ধে শিথিলতার কোনো লক্ষণ দেখা যায়নি।



































