ঈদে বাজারে আসছে না নতুন টাকা

- সর্বশেষ আপডেট ০২:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 242
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সাধারণ মানুষের জন্য নতুন টাকার নোট বাজারে ছাড়বে না বাংলাদেশ ব্যাংক। ফলে আগের বছরের মতো ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহের সুযোগ থাকছে না সাধারণ নাগরিকদের জন্য।
তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নোট বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি অভ্যন্তরীণ অফিস আদেশ জারি করেছে। সেই নির্দেশনা অনুযায়ী রোববার (৮ মার্চ) থেকে কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট গ্রহণ করতে শুরু করেছেন।
এ সিদ্ধান্ত নিয়ে ব্যাংকের ভেতরেও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। প্রতি বছর ঈদকে ঘিরে নতুন নোটের ব্যাপক চাহিদা থাকে। ঈদ সালামি দেওয়ার ক্ষেত্রে নতুন নোটকে অনেকেই বিশেষ গুরুত্ব দেন। রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ফুটপাতে নতুন ও ছেঁড়া নোট কেনাবেচার অস্থায়ী দোকানও বসে, যা ঈদের সময় আরও জমজমাট হয়ে ওঠে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, একটি নতুন নোট ডিজাইন থেকে বাজারে ছাড়তে প্রায় দেড় বছর সময় লাগে। একসঙ্গে ৯ ধরনের নোট চালুর উদ্যোগ নেওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছিল। এজন্য গত বছর থেকেই ঈদকে কেন্দ্র করে নতুন নোট ছাড়ার প্রচলিত রীতি থেকে সরে আসা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন নোট বাজারে ছাড়া একটি নিয়মিত প্রক্রিয়া এবং এটি কোনো নির্দিষ্ট উৎসবের সঙ্গে সম্পর্কিত নয়। ধীরে ধীরে বাজারে ব্যবহারের অনুপযোগী নোটগুলো নতুন নোট দিয়ে প্রতিস্থাপন করা হবে।
এদিকে খোলা বাজারে নতুন নোট বিক্রির সঙ্গে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ৩ মার্চ জারি করা অফিস আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য কর্মচারীরা সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী নতুন নোট সংগ্রহের সুযোগ থাকবে কর্মকর্তা-কর্মচারীদের জন্য।
তবে এ সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠেছে—যেখানে সাধারণ মানুষ নতুন নোট পাচ্ছেন না, সেখানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা কতটা যুক্তিযুক্ত। অনেকের আশঙ্কা, এই নোটের একটি অংশ অনিয়মের মাধ্যমে বাজারে চলে যেতে পারে এবং ফুটপাতের নতুন নোট ব্যবসার সঙ্গে যুক্তদের কাছে পৌঁছাতে পারে।

































