মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন রণতরি মোতায়েনের প্রস্তুতি

- সর্বশেষ আপডেট ০৬:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 91
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ইরানের সঙ্গে যেকোনো মুহূর্তে সংঘাতের সম্ভাবনা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলও যুক্ত হতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন সেনাবাহিনী একটি অতিরিক্ত বিমানবাহী রণতরি মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে, খবর দিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, উত্তেজনা নিয়ন্ত্রণ এবং ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন শেয়ার করেছেন, যেখানে তিনি নিজে কোনো মন্তব্য করেননি। প্রতিবেদনের শিরোনাম ছিল, “মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য দ্বিতীয় বিমানবাহী রণতরি প্রস্তুত করছে পেন্টাগন।”
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতিতে বলা হয়েছে, পেন্টাগন একটি বিমানবাহী রণতরিকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন, যা ইতোমধ্যেই মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যুক্ত হবে।
একই দিন ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ট্রাম্প বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমি শুধু যাচাই করতে চাই যে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব কি না এবং সেই আলোচনায় দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি।”



































