নির্বাচনে নারীর ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

- সর্বশেষ আপডেট ০৪:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 115
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতিসংঘ নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ ভোটাধিকারের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে সংখ্যালঘু, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ নারীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
জাতিসংঘ বাংলাদেশ কার্যালয় বুধবার (১১ ফেব্রুয়ারি) জানিয়েছে, ভোটের সময় সব নারী ও মেয়েরা যেন ভয়, হয়রানি বা বৈষম্য ছাড়া অংশগ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে অনলাইন সহিংসতা, ডিপফেক এবং পরিকল্পিত হয়রানির ঘটনা বেড়েছে, যা প্রার্থীদের পাশাপাশি ভোটারদের জন্যও ঝুঁকি তৈরি করছে।
বার্তায় বলা হয়েছে, রাজনৈতিক নেতা, দল, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা নারী ভোটার ও প্রার্থীকে প্রভাবিত বা হয়রানি না করার জন্য দায়িত্বশীল আচরণ নিশ্চিত করুন। নির্বাচন কমিশনকে সহায়তা করে জাতিসংঘ নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
“আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ প্রতিটি ভোটারের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ অব্যাহত রাখবে। জাতিসংঘ সব সময় সরকারের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে,” বার্তায় বলা হয়েছে।


































