এএফপির বিশ্লেষণ
৯০ শতাংশ নির্বাচনী অপতথ্য ভারত থেকে ছড়াচ্ছে

- সর্বশেষ আপডেট ০৪:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 262
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ পরিমাণে অপতথ্য ছড়িয়ে পড়ছে, যা জনমত প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, নির্বাচনের স্বচ্ছতা এবং সুষ্ঠু পরিবেশের জন্য এই ‘ডিসইনফরমেশন’ বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
এএফপির এক বিশ্লেষণে বলা হয়েছে, অপপ্রচারের প্রায় ৯০ শতাংশই ভারত থেকে ছড়ানো হচ্ছে। ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর এটি প্রথম নির্বাচন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসংখ্য ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতিপূর্বে জাতিসংঘ মানবাধিকার প্রধানের কাছে এই পরিস্থিতি নিয়ে সহযোগিতা চেয়েছিলেন।
রিপোর্টে বলা হয়েছে, অপপ্রচারের মূল লক্ষ্য বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের দাবি। ‘হিন্দু জেনোসাইড’ হ্যাশট্যাগ ব্যবহার করে আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রায় ৭ লাখ পোস্ট তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেট’-এর প্রধান রকিব নায়েক জানিয়েছেন, এই পোস্টের ৯০ শতাংশই ভারত থেকে তৈরি হয়েছে, বাকি অংশ ছড়ানো হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার হিন্দুত্ববাদী নেটওয়ার্কের মাধ্যমে। যদিও পুলিশের পরিসংখ্যান দেখায়, ২০২৫ সালে সংখ্যালঘুদের ওপর ঘটানো ৬৪৫টির মধ্যে মাত্র ১২ শতাংশ ঘটনা ছিল সাম্প্রদায়িক বা ধর্মীয় বিদ্বেষমূলক।
তবে এই অপপ্রচার শুধুমাত্র সংখ্যালঘুদের বিষয়েই সীমাবদ্ধ নয়। নির্বাচনী মাঠের প্রধান দাবিদার বিএনপি ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এমনকি ভারত থেকে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে তৈরি চরম উত্তেজনাপূর্ণ ভিডিও জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করার মতো পরিস্থিতি তৈরি করেছে।
বিশ্লেষকরা বলছেন, এই ব্যাপক অপপ্রচারের পেছনে সরাসরি ভারত সরকারের কোনো প্রমাণ নেই। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
নির্বাচন কমিশন এই পরিস্থিতি মোকাবিলায় মেটার সঙ্গে যৌথভাবে একটি বিশেষ মনিটরিং ইউনিট গঠন করেছে। কমিশনের মুখপাত্র রুহুল আমিন মল্লিক স্বীকার করেছেন, অনলাইন জগতের এই বিশাল স্রোত নিয়ন্ত্রণ করা সহজ নয়। তথ্য যাচাইয়ের সচেতনতা কম থাকা এবং স্মার্টফোন ব্যবহারের বিস্তৃততার কারণে এআই-নির্ভর ভুয়া দৃশ্যগুলো ভোটারদের ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করার ঝুঁকি তৈরি করছে, বলে সতর্ক করেছেন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন তুলি।


































