ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষার পক্ষে জামায়াত

- সর্বশেষ আপডেট ১০:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 139
ক্ষমতায় এলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ইশতেহারে দলটি জানিয়েছে, সরকারের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ ও বাংলাদেশিদের মর্যাদা বৃদ্ধি, দেশীয় পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডের সঙ্গে শান্তি, বন্ধুত্ব এবং সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন।
দলটি আরও জানিয়েছে, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকারে সম্প্রসারণ করা হবে, পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডাসহ উন্নত দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক তৈরি করা হবে।
ক্ষমতায় এলে পূর্ব ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।



































