১১৯ কোটি টাকা আত্মসাৎ মামলায় মাসুদকে গ্রেফতার দেখানোর আবেদন
- সর্বশেষ আপডেট ০৫:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 159
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন জানিয়েছে দুদক। আদালত শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ঠিক করেছে।
বুধবার দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এই আবেদন করেন। ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী আসামির উপস্থিতিতে বিষয়টি শুনবেন বলে জানিয়েছেন।
দুদকের বক্তব্য, মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা পরস্পরের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছেন। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় নিয়ম ভেঙে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে নিজেদের প্রভাব খাটিয়ে এজেন্ট হিসেবে নিয়োগ নেওয়ার অভিযোগও রয়েছে।
তদন্তে উঠে এসেছে, সাত হাজারের বেশি কর্মীর কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য খাতে নির্ধারিত টাকার বাইরে বাড়তি অর্থ নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ১১৯ কোটি ৩২ লাখ টাকার হিসাব পাওয়া গেছে, যা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
গত ১১ মার্চ এই ঘটনায় একাধিক ধারায় মামলা করে দুদক। দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
দুদকের আশঙ্কা, তিনি জামিনে মুক্ত থাকলে তদন্ত প্রভাবিত হতে পারে। সে কারণে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।
এর আগে ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন মানবপাচার সংক্রান্ত আরেক মামলায় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা করা হয়েছিল, যার সূত্র ধরেই নতুন করে তদন্তের পরিধি বাড়ছে।






























