হাম-সিলেটে ৫ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 19
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া শিশুদের বয়স ছিল ছয় থেকে আট মাসের মধ্যে। এ নিয়ে বিভাগজুড়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৩ জন।
শুক্রবার (৮ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুরা হলো—সিলেট নগরের আখালিয়া এলাকার আবদুল মুমিনের আট মাস বয়সি ছেলে মাহদী হাসান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জাকারিয়ার সাত মাস বয়সি মেয়ে জারা এবং শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের সুনু মিয়ার ছয় মাস বয়সি ছেলে মুস্তাকিম।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান জানান, মারা যাওয়া তিন শিশুই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের সবার বয়স এক বছরের নিচে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৪১ জন রোগী।





































