ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
‌‌বিজেপির দাবি হোয়াইটওয়াশিং

সোনিয়ার বই ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 275

সোনিয়ার বই ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

ভারতের প্রভাবশালী রাজনৈতিক পরিবার নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে নিজের দীর্ঘ পথচলা, ব্যক্তিগত জীবন ও নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে স্মৃতিকথা প্রকাশ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। মঙ্গলবার বাজারে এসেছে তাঁর লেখা বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। তবে বইটি প্রকাশের পরপরই তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ক্ষমতাসীন বিজেপি অভিযোগ করেছে, বইটিতে নেহরু-গান্ধী পরিবারের অতীতের বিভিন্ন বিতর্কিত বিষয় আড়াল করে ইতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে প্রকাশিত বইটিতে ইতালির একটি ছোট গ্রাম থেকে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেছেন ৭৯ বছর বয়সী সোনিয়া। ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি, পরিবারের সদস্যদের সংগ্রাম, প্রেরণা এবং মানবিক দুর্বলতার কথাও উঠে এসেছে এতে।

বইটি প্রকাশের আগে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু-তে লেখা এক নিবন্ধে সোনিয়া গান্ধী বলেন, তাঁর পরিবার নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। তবে পরিবারের সদস্যরা আসলে কেমন মানুষ ছিলেন, তাঁদের প্রেরণা, সংগ্রাম ও মানবিক দুর্বলতা সম্পর্কে খুব কমই প্রকৃত উপলব্ধি তুলে ধরা হয়েছে। যাঁদের তিনি চিনতেন ও ভালোবাসতেন, তাঁদের সত্যিকার রূপ পাঠকের সামনে তুলে ধরতেই বইটি লিখেছেন তিনি।

১৯৪৬ সালে ইতালির ভিসেনজা শহরের কাছের একটি ছোট গ্রামে সোনিয়া মাইনো নামে জন্মগ্রহণ করেন সোনিয়া গান্ধী। যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরের একটি রেস্তোরাঁয় তাঁর পরিচয় হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাতি রাজীব গান্ধীর সঙ্গে। ১৯৬৮ সালে তাঁদের বিয়ে হয়। সে সময় রাজীবের মা এবং জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৮৪ সালে শাশুড়ি ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড সোনিয়ার জীবনে গভীর প্রভাব ফেলে। শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে স্বর্ণমন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের (অপারেশন ব্লু স্টার) প্রতিশোধ নিতে ইন্দিরা গান্ধীর দুই শিখ দেহরক্ষী তাঁকে গুলি করে হত্যা করেন। গুলিবিদ্ধ শাশুড়িকে নিজের হাতে ধরে রেখেছিলেন সোনিয়া।

ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী রাজনীতিতে প্রবেশ করেন। পেশায় বিমানচালক রাজীব মাত্র ৪০ বছর বয়সে ভারতের প্রধানমন্ত্রী হন। তবে ১৯৯১ সালে আত্মঘাতী বোমা হামলায় তিনিও নিহত হন। স্বামীকে হারানোর পর একসময় রাজনীতিতে সক্রিয় হন সোনিয়া গান্ধী। পরবর্তী সময়ে তিনি ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী কংগ্রেস সভাপতি হন।

স্মৃতিকথায় ২০০৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনাও তুলে ধরেছেন সোনিয়া। ওই বছর লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জয়ী হওয়ার পর তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত বইয়ের একটি অংশে সোনিয়া লিখেছেন, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল। সন্তানদের একজন তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলেন, কংগ্রেস নির্বাচনে জিতলে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না। জবাবে সোনিয়া বলেছিলেন, ‘একেবারেই না।’

সোনিয়া লিখেছেন, রাহুল ও প্রিয়াঙ্কা কেউই চাননি তিনি প্রধানমন্ত্রী হন। তাঁদের দাদি ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং বাবা রাজীব গান্ধীর নির্মম হত্যার অভিজ্ঞতা তাঁদের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। তাঁদের কাছে প্রধানমন্ত্রীর পদটি ছিল বাড়তি নিরাপত্তাঝুঁকি ও প্রাণহানির আশঙ্কার সঙ্গে সম্পর্কিত। নিজের সিদ্ধান্ত জানাতে পেরে সন্তানদের পাশাপাশি তিনিও স্বস্তি অনুভব করেছিলেন।

সোনিয়া গান্ধী আগেই বলেছেন, তাঁর স্মৃতিকথাটি কোনো রাজনৈতিক বই নয়, বরং ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ। তবে বইটি প্রকাশের পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমালোচনায় মুখর হয়েছে।

বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন বলেছেন, বইটির নাম ‘বিলংগিং’ না রেখে ‘হোয়াইটওয়াশিং’ রাখা উচিত ছিল। তাঁর অভিযোগ, নেহরু-গান্ধী পরিবারের ঐতিহাসিক ভুলগুলোকে আড়াল করে সেগুলোকে ইতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

এমন এক সময়ে সোনিয়ার স্মৃতিকথাটি প্রকাশিত হলো, যখন বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চাইছে কংগ্রেস। গত এক মাসে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেই সোনিয়ার এই বই প্রকাশ ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‌‌বিজেপির দাবি হোয়াইটওয়াশিং

সোনিয়ার বই ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

সর্বশেষ আপডেট ০৬:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬