সুন্দরী নারী না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডার সেনাপ্রধানের

- সর্বশেষ আপডেট ১০:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 118
তুরস্কের কাছে ক্ষতিপূরণ দাবি এবং ব্যক্তিগতভাবে ‘সুন্দরী নারী’ চাওয়ার মতো বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে তুর্কি দূতাবাস বন্ধসহ কূটনৈতিক সম্পর্ক সীমিত করার হুমকিও দেন তিনি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে এসব মন্তব্য করেন উগান্ডার প্রেসিডেন্টের ছেলে কাইনেরুগাবা। পরে অবশ্য বিতর্কের মুখে তার কিছু পোস্ট মুছে ফেলা হয়।
নিজের পোস্টে তিনি অভিযোগ করেন, সোমালিয়ায় দীর্ঘদিন ধরে উগান্ডা নিরাপত্তা নিশ্চিত করলেও বিভিন্ন বন্দর ও বিমানবন্দর প্রকল্প থেকে তুরস্ক একতরফাভাবে লাভবান হচ্ছে। এর প্রেক্ষিতে তিনি ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন।
একই সঙ্গে তিনি ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্ক করেন, এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রাজধানী কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হতে পারে। প্রয়োজনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও সীমিত করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।
পোস্টে আরও উল্লেখ করা হয়, উগান্ডার নাগরিকদের তুরস্কে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হতে পারে। পাশাপাশি ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ‘পবিত্র ভূমি’ রক্ষায় উগান্ডার সেনা পাঠানোর প্রস্তুতির কথাও বলেন তিনি।
তবে বিতর্কিত এই মন্তব্যগুলো প্রকাশের কিছু সময় পরই সেগুলো তার এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
এর আগে ২০২২ সালেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব ও উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন কাইনেরুগাবা।




































