সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ
- সর্বশেষ আপডেট ০১:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 25
জনপ্রিয় ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকগুলোকে পাঠানো এক চিঠিতে জরুরি ভিত্তিতে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।
চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম এবং লেনদেনের বিবরণী চাওয়া হয়েছে। ব্যাংকগুলোকে চিঠি পাওয়ার পর আধা ঘণ্টার মধ্যে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে কী কারণে বিএফআইইউ এসব তথ্য চেয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিএফআইইউর এক কর্মকর্তা জানিয়েছেন, অর্থপাচারবিরোধী সংস্থার এ ধরনের তথ্য চাওয়া নিয়মিত কার্যক্রমের অংশ হতে পারে। শুধু ব্যাংক হিসাবের তথ্য চাওয়া থেকেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ রয়েছে—এমনটা ধরে নেওয়ার সুযোগ নেই।
সালমান মুক্তাদির ‘SalmoN TheBrownFish’ নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। চ্যানেলটির প্রায় ১৭ লাখ গ্রাহক রয়েছে। ইউটিউবের পাশাপাশি তিনি অভিনয়, সংগীত, বিজ্ঞাপন ও বাণিজ্যিক প্রযোজনার সঙ্গে যুক্ত।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজে অবস্থিত তার ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর সালমান চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন। তবে পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনাটিকে জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে হামলার সঙ্গে জমি দখল ও মালিকানা-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে।
সালমানের স্টুডিওটি নিউ গিনি প্রোপার্টিজের কাছ থেকে ভাড়া নেওয়া একটি ভবনে স্থাপিত ছিল। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
এদিকে বিএফআইইউর পক্ষ থেকে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার সঙ্গে স্টুডিওতে হামলার ঘটনার কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।




























