সালমানের মুক্তাদিরের স্টুডিও হামলায় আটক তিনজন
- সর্বশেষ আপডেট ০১:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 42
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। এর সঙ্গে চাঁদাবাজির কোনো ঘটনা জড়িত নয়।
তিনি আরও বলেন, সালমান মুক্তাদিরের কাছে চাঁদা চাওয়ার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্রও পাওয়া যায়নি। বিষয়টি নিউ গিনি প্রপার্টিজের মালিক পক্ষের ব্যক্তিগত বিরোধের ঘটনা। সালমান মুক্তাদিরের স্টুডিও ওই প্রপার্টিজের মধ্যে থাকায় ভাঙচুরের সময় সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ভাঙা অবস্থায় দেখা যায়। কয়েকজন কর্মীকে কান্নারত অবস্থায়ও দেখা যায়। ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, হামলায় তার স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে সালমান মুক্তাদির অভিযোগ করেছিলেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুরের পাশাপাশি কিছু মালামাল লুট করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে পুলিশের ভাষ্য, ঘটনার সঙ্গে সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবির কোনো সম্পর্ক নেই। নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধই হামলা ও ভাঙচুরের মূল কারণ বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সঙ্গে কারা জড়িত এবং ঘটনার বিস্তারিত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
































