স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ
সংবিধান সংশোধনে বিরোধীদের অসহযোগিতার অভিযোগ
- সর্বশেষ আপডেট ১২:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 13
সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে চায়, যেটিকে অনেকে সংস্কার হিসেবে অভিহিত করতে পারেন। বিরোধীরা একে সংস্কার বলতে চাইলে সরকারের আপত্তি নেই। তবে সংশোধন প্রক্রিয়ায় তাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ জাতীয় জীবনের জন্য দিকনির্দেশনা দেয়। তাঁর ভাষ্য, জুলাই এক দিনে সংঘটিত হয়নি; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।
তিনি বলেন, রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ নির্মাণে প্রেরণা জোগাবে। জুলাইয়ের চেতনাকে শুধু বার্ষিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তুলে ধরতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে জাতীয় জীবন ও জনমানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সেই অঙ্গীকারের গুরুত্ব বজায় থাকবে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়ার কিছু অংশ সাংবিধানিক এবং কিছু অংশ আইনসংক্রান্ত। আইনি ও বিধিবিধানগত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়তে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। শহীদদের আকাঙ্ক্ষা পূরণও সরকারের পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেন তিনি।




























