দাবি প্রধানমন্ত্রীর
জুলাইয়ের চেতনা ধারণ করে না জামায়াত-এনসিপি
- সর্বশেষ আপডেট ০১:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 10
বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনা ধারণ করে না বলেই আমন্ত্রণ পেয়েও বিরোধী দলের (জামায়াত-এনসিপি) নেতারা স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন রয়েছে। জাতীয় স্বার্থে দ্বিমত ও মতপার্থক্যকে বাধা হিসেবে দেখা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, উভয় আন্দোলনের লক্ষ্য ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জনগণ ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও জানান তারেক রহমান।
বিরোধী দলের প্রতি ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল চেনে না। তাই ডেঙ্গু মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।































