জুলাইয়ের চেতনা বিক্রি করে রাজনীতি টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৯:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 28
জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো পথে ফিরে গেলে জনগণ তা মেনে নেবে না।
রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি দাবি করেন, রাজনৈতিক সমঝোতা ছাড়াই ছলচাতুরির মাধ্যমে গণভোট আয়োজন করা হয়েছে, যা সংবিধানসম্মত নয়। একই সঙ্গে তিনি বলেন, সাংবিধানিক কাঠামোর বাইরে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। অথচ যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি তুলছেন, তারা সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে অংশ নেননি।
































