নতুন গণভোটে আপত্তি, সরব জামায়াত-এনসিপি

- সর্বশেষ আপডেট ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 166
সংবিধান সংশোধনের কিছু বিষয়ে আবারও গণভোট আয়োজনের আলোচনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টিকে ‘অসাংবিধানিক’ ও ‘একচেটিয়া দলীয় কর্মসূচি’ হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর জামায়াতে ইসলামী বলছে, আগের গণভোটের রায় উপেক্ষা করে নতুন করে গণভোটের উদ্যোগ নেওয়া জনগণের ইচ্ছার প্রতি উপহাসের শামিল।
রোববার সংবিধান সংশোধন-সম্পর্কিত জাতীয় সংসদের বিশেষ কমিটি সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। পরে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের আগে কিছু বিষয়ে গণভোটের প্রয়োজন হতে পারে।
তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদসহ যেসব বিধানে পরিবর্তন আনতে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেসব ক্ষেত্রে গণভোট আয়োজন করা হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরের আগেই এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তবে নতুন করে গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। দলটির নেতাদের বক্তব্য, আগের গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশিত হওয়ার পর সেটির রায় বাস্তবায়ন ও সাংবিধানিক ভিত্তি দেওয়াই ছিল মূল কাজ। নতুন করে গণভোটের উদ্যোগ কেন নেওয়া হচ্ছে, তার ব্যাখ্যা দাবি করেছে দলটি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, পুরো প্রক্রিয়াটিকে তারা অবৈধ ও অসাংবিধানিক মনে করছেন। তার ভাষ্য, গণভোটের মাধ্যমে জনগণ যে অভিপ্রায় প্রকাশ করেছে, সেটিকে সাংবিধানিক ও আইনি ভিত্তি দেওয়াই ছিল দায়িত্ব। কিন্তু আগের গণভোটের রায় বাতিল বা উপেক্ষা করে নতুন প্রক্রিয়ায় যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এসব সিদ্ধান্তের গণভিত্তি রয়েছে বলে তারা মনে করেন না। নতুন গণভোটের প্রক্রিয়াকে দলীয় ও একচেটিয়া কর্মসূচি হিসেবেই দেখছে এনসিপি।
অন্যদিকে, বিষয়টিকে দ্বিচারিতা হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে অনুষ্ঠিত আগের গণভোটে জনগণ যে মতামত দিয়েছে, সেটিই বাস্তবায়ন করা উচিত।
জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের নির্দিষ্ট প্রস্তাবনা, অনুচ্ছেদ ও অধ্যায়ে পরিবর্তন আনতে হলে গণভোটের প্রয়োজন রয়েছে। তবে ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেটি ছিল জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, আগের গণভোটে কতিপয় সংস্কারের বিষয়ে জনগণের মতামত জানতে চাওয়া হয়েছিল এবং জনগণ তাতে সম্মতি জানিয়েছে। সেই মতামত উপেক্ষা করে নতুন করে যে প্রক্রিয়া নেওয়া হচ্ছে, তা জনগণের ইচ্ছার প্রতি এক ধরনের উপহাস। এভাবে এগোলে গণতান্ত্রিক রাজনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হলেও তাদের নাম না দিয়ে কমিটি প্রত্যাখ্যান করেছে বিরোধী পক্ষ।
































