শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 10
দেশের প্রাথমিক শিক্ষায় বড় ধরনের জনবল সংকট কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৫ এপ্রিল) সিলেটের জালালাবাদ গ্যাস মিলনায়তনে এক মতবিনিময়সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকট মোকাবিলায় দ্রুত নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে, যাতে পাঠদানের ধারাবাহিকতা ব্যাহত না হয়।
তিনি আরও জানান, ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের মামলাজনিত জটিলতা নিরসনের চেষ্টা চলছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি আলাদা ‘পুল’ গঠনের পরিকল্পনাও সরকারের রয়েছে, যাদের প্রয়োজন অনুযায়ী পার্ট-টাইম ভিত্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার কারণে নিয়মিত পাঠদান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রতিটি উপজেলায় আধুনিক মানের একটি করে ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও মানোন্নয়ন আরও শক্তিশালী হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।




































