শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সুইসদের আগ্রহ
- সর্বশেষ আপডেট ০৩:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 7
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্য ও তুরস্কের পর এবার আগ্রহ দেখিয়েছে সুইজারল্যান্ড। বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। এর আগে একই কার্যক্রমে আগ্রহ দেখিয়েছিল যুক্তরাজ্য ও তুরস্ক।
মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। বৈঠকে তিনি সুইজারল্যান্ডের আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় সুইজারল্যান্ড বাংলাদেশের বিমান পরিবহন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সুইস প্রতিষ্ঠান ‘সুইসপোর্ট’-এর অংশগ্রহণের বিষয়ও তুলে ধরা হয়।
জবাবে উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সুইসপোর্টকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।





































