শিশু মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- সর্বশেষ আপডেট ০২:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 11
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার জেরে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর পরিচালনা পর্ষদ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অধ্যাপক জামালুন্নেসার ওপর ন্যস্ত করেছে। আজ মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ঘটা শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে আদ্-দ্বীন কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। ইতোমধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসাজনিত প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সরকারের দিকনির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো এবং ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে, যেখানে আলো-বাতাস চলাচল ও অক্সিজেনের উপস্থিতি সুগম করতে তিনজন স্বাধীন কনসালটেন্টের নেতৃত্বে পরিমার্জন চলছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপরে থাকা বেকারিটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতা শেষে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর পর তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
































