কালবৈশাখী ঝড়: ঢাকাসহ ১৯ জেলায় তীব্র শঙ্কার পূর্বাভাস
- সর্বশেষ আপডেট ১২:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 59
রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ প্রধান প্রধান অঞ্চলগুলোর ওপর দিয়ে এই কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। জেলা ও অঞ্চলগুলোর মধ্যে রয়েছে— ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিরাপদ নৌযান চলাচলের স্বার্থে সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া বিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ও পশ্চিমা লঘুচাপের মৌসুমী বায়ুর প্রভাবেই এই আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আবহ তৈরি হয়েছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। আগামী আরও দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিকেলের পর নদী অববাহিকা ও উন্মুক্ত স্থানে চলাচলকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

































