লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিলসহ আটক: পাল্টাপাল্টি অভিযোগ

- সর্বশেষ আপডেট ০৩:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 99
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ভোটে ব্যবহারের জন্য প্রস্তুত করা অবৈধ ছয়টি সিল উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। দুই দলের প্রার্থীর বক্তব্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও তা অস্বীকারের মধ্য দিয়ে বিষয়টি নতুন করে রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রেস থেকে সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর দোকান থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের মালিক।
এ ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শহরের গোডাউন রোডে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেন, গ্রেপ্তার হওয়া সোহেল রানা জামায়াতের কর্মী। তাঁর ভাষ্য অনুযায়ী, “সিল তৈরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। এখানে শুধু সিল নয়, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজির পরিকল্পনা থাকতে পারে।”
এ্যানি আরও বলেন, এই ঘটনার সঙ্গে কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আরও সিল বা এমনকি ব্যালট জালিয়াতির ঘটনাও ঘটতে পারে। তাই প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এর জবাবে রাত ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। দলের প্রার্থী রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “যেকোনো ঘটনার পর জামায়াতকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এটি নতুন কিছু নয়।”
রেজাউল করিম প্রশাসনের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বলেন, এই ধরনের অনৈতিক ও ঘৃণিত কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ জানান, ভোটের সিল তৈরির অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, অর্ডার পেয়ে সিলগুলো তৈরি করছিলেন। তবে কার নির্দেশে বা কার জন্য এসব সিল বানানো হচ্ছিল, সে বিষয়ে তিনি এখনো কোনো তথ্য দেননি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



































