রিয়াদে ফ্লাইট বন্ধ, ঢাকায় ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
- সর্বশেষ আপডেট ১০:৫৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 13
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে ট্রানজিট নিয়ে রিয়াদে যাওয়ার কথা ছিল যাত্রীদের। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় তারা ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি।
প্রতিবেদন অনুযায়ী, হুথিদের হামলার পর রোববার রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে বিমানবন্দরটিতে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন।
হুথিরা বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজেও হামলা চালায়। ওই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এই সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দর অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ চলাচলকারী বিমান সংস্থাগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছিল হুথিরা। সর্বশেষ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে।


































