রায়পুরায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ৪৮ হাজার
- সর্বশেষ আপডেট ০৫:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 25
নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে বৃহস্পতিবার (৯ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ করা হয়নি, প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান নেই, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম রয়েছে এবং লাইসেন্সের নবায়নও করা হয়নি।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক তাজুল ইসলামকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি সাময়িকভাবে বন্ধ করে সংশ্লিষ্টরা সরে যান বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন নরসিংদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজিব এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।




































