রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক ১
- সর্বশেষ আপডেট ০৯:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 109
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে ৩০ টন (৬০০ বস্তা) সার উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নির্দেশে কৃষি বিভাগের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে বয়ারচরের তেগাছিয়া বাজার সংলগ্ন রামগতি-হাতিয়া সীমান্ত এলাকায় স্থানীয় ব্যবসায়ী মুরাদের বাড়ি থেকে তিনটি ট্রাকভর্তি সার পাওয়া যায়। মুরাদকে আটক করা না গেলেও তার ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের নির্দেশে জব্দ করা সার সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সুবর্ণচর ইউএনও রাবেয়া আফসার সায়মা, রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেত সবুজসহ সেনা ও পুলিশ সদস্যরা।
রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে কৃষি উপসহকারীকে পাঠানো হয়েছিল। পরে প্রশাসনের সহায়তায় সার জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির প্রদর্শিত নিলামের কাগজ জাল প্রমাণিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তপথে পাচারের জন্যই এসব সার মজুত করা হয়েছিল।
এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, নোয়াখালীর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে জব্দকৃত সার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





































