রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
- সর্বশেষ আপডেট ০২:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 19
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরোধে হত্যার মামলায় মিলন শেখ (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক ইউসুফ হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আইয়ুব আলী খান।
দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার মুচিদাহ খামারডাঙ্গি গ্রামের খলিল শেখের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ আগস্ট রাতে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন দুই সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ছোট ভাইয়ের কান্নায় ঘুম ভেঙে যায় রুনার মেয়ে উম্মে সিনহার। বিছানায় মাকে না পেয়ে সে বারান্দায় গিয়ে প্রতিবেশী মিলন শেখকে দাঁড়িয়ে থাকতে দেখে।
পরে বাড়ির উঠানে রুনা খাতুনকে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে উম্মে সিনহা। এ সময় মিলন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রুনাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ভাই মো. রায়হান পাংশা মডেল থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ মিলন শেখসহ তিন আসামিকে গ্রেপ্তার করে।
আইনজীবী আইয়ুব আলী খান বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত মিলন শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মামলার অন্য দুই আসামির বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান রয়েছে।































