যে শর্তে অনুমোদন পেলো চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল
- সর্বশেষ আপডেট ০৯:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 7
চট্টগ্রামের আনোয়ারার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, পানি পুনর্ব্যবহার এবং সৌরশক্তির বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ শর্তে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন করেছে একনেক।
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই শিল্পায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি শিল্পাঞ্চলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত পানি শোধন ও পুনর্ব্যবহার ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পরিবেশগত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং প্রকল্প নকশায় টেকসই জ্বালানি সমাধান অন্তর্ভুক্ত করার শর্তে ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, শিল্পায়নের গতি বাড়ানো ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন পেয়েছে।
প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার দেবে ১ হাজার ৭২২ কোটি টাকার বেশি, আর বাকি অর্থ আসবে ঋণ ও অনুদান থেকে।
প্রকল্প পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী আধুনিক পরিবেশগত মান অনুসরণ করে শিল্পবর্জ্য ব্যবস্থাপনার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। একই সঙ্গে একটি আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপন এবং শোধিত পানি পুনর্ব্যবহারযোগ্য করার কথাও বলেন।
এ ছাড়া প্রকল্পে সৌরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি পুরো শিল্পাঞ্চলে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশিত পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থাগুলো বাস্তবায়নের শর্তেই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত পরিকল্পনায় এসব বিষয় প্রতিফলিত করতে হবে বাস্তবায়নকারী সংস্থাগুলোকে।




































