যুদ্ধ শুরুর অপেক্ষায় ইরান-যুক্তরাষ্ট্র

- সর্বশেষ আপডেট ০৮:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 236

গত বছর উত্তর সাগরে থাকা ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড এখন মধ্যপ্রাচ্যের পথে। ছবি: জোনাথন ক্লেইন/এএফপি—গেটি ইমেজেস।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এখন কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নির্দেশ পেলেই স্বল্প সময়ের মধ্যে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তাদের।
দ্য নিউইয়র্ক টাইমস, সিবিএস নিউজ ও সিএনএন জানিয়েছে, অঞ্চলটিতে অতিরিক্ত নৌ ও বিমান শক্তি মোতায়েন করা হয়েছে। বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে ইরানের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। আরেকটি বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি ৫০টির বেশি অতিরিক্ত যুদ্ধবিমান ও একাধিক রিফুয়েলিং ট্যাঙ্কার প্রস্তুত রাখা হয়েছে, যাতে টানা অভিযান পরিচালনা করা সম্ভব হয়।
সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে কিছু অপ্রয়োজনীয় কর্মী সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, কূটনৈতিক সমাধানই এখনো যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। তার দাবি, অতীতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের আঘাত হানা হয়েছে, তবে সংঘাত এড়াতে আলোচনার পথ খোলা রয়েছে।
সম্প্রতি জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠকে কিছু অগ্রগতির ইঙ্গিত মিললেও গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যমে একটি এআই-নির্মিত ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন। ছবিতে একটি মার্কিন বিমানবাহী রণতরিকে সমুদ্রগর্ভে ডুবে থাকতে দেখা যায়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরানে নতুন করে হামলা হলে তার পরিণতি ভালো হবে না এবং তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সব মিলিয়ে সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক তৎপরতার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এখন আন্তর্জাতিক মহলের নজর—চূড়ান্ত সিদ্ধান্ত কী আসে হোয়াইট হাউস থেকে।



































