যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০১:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 58
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এসআরবি-১১-এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুজ্জামান বরিশালের মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
তিনি জানান, ২০১৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানায় নুরুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার আগেই আত্মগোপনে চলে যান তিনি। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বরিশালের মুলাদী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এসআরবি-৮ অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
অভিযানে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার নুরুজ্জামানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




























