যানজট ঠেকাতে ঢাকায় চালু হচ্ছে ‘যানজট শুল্ক’
- সর্বশেষ আপডেট ০৩:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 67
রাজধানীতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহনমুখী যাতায়াত বাড়াতে ‘যানজট শুল্ক’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।
মেট্রোরেল, বিআরটি ও আধুনিক বাসসেবাসমৃদ্ধ করিডোরে প্রবেশকারী ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও ট্রাকের ওপর ডিজিটাল পদ্ধতিতে এ শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে।
তবে গণপরিবহন শক্তিশালী না করে এ উদ্যোগ বাস্তবায়ন করলে জনভোগান্তি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, উন্নত বিশ্বের বিভিন্ন দেশের আদলে রাজধানীর নির্দিষ্ট করিডোরে যানজট নিয়ন্ত্রণে ডিজিটাল কনজেশন চার্জ বা যানজট শুল্ক চালু করা হবে। এসব এলাকায় ব্যক্তিগত গাড়ি প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত ফি কেটে নেওয়ার ব্যবস্থা থাকবে।
বর্তমানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, সুইডেন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ব্যস্ত সময়ে ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে এ ধরনের ব্যবস্থা কার্যকর রয়েছে। এতে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমে এবং গণপরিবহনের ব্যবহার বাড়ে।
তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আগে নির্ভরযোগ্য ও পর্যাপ্ত গণপরিবহন নিশ্চিত করতে হবে। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামানের মতে, মানুষের সামনে কার্যকর বিকল্প না থাকলে ব্যক্তিগত গাড়ির ওপর অতিরিক্ত ব্যয় চাপিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। একই সঙ্গে ট্রাকের ওপর যানজট শুল্ক আরোপের প্রস্তাবও তিনি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকার যানজট কমাতে ২০ বছর মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এমআরটি-১ থেকে এমআরটি-৬ পর্যন্ত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পর নির্বাচিত করিডোরে ডিজিটাল পদ্ধতিতে যানজট শুল্ক আদায় করা হবে। তবে কোন করিডোরে কত টাকা শুল্ক নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ডিটিসিএর আশা, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও অর্থায়নের ব্যবস্থা করা গেলে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে নতুন এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
































