যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / 347
যশোর সদর উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান ওই এলাকার রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের মা সেলিনা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় সুলতান তার কয়েকজন বন্ধুর সঙ্গে মাঠে ফুটবল খেলছিল। খেলার সময় সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এরপর বজ্রপাত হলে সুলতান আহত হয়ে মাঠেই পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আফসানা জানান, বজ্রপাতের আঘাতে তার শরীরের কিছু অংশ ঝলসে গিয়েছিল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।





























