মোল্লাহাটে একই রাতে ৪ গরু-বাছুর চুরি
- সর্বশেষ আপডেট ০১:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 27
বাগেরহাটের মোল্লাহাটে একই রাতে পৃথক দুটি গোয়ালঘর থেকে চারটি গরু-বাছুর চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় গবাদিপশু পালনকারী কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একই রাতে আরও একটি গোয়ালে তালা কেটে গরু চুরির চেষ্টা চালানো হলেও মালিকের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পৃথক এলাকায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কৃষক নজরুল মীরের গোয়াল থেকে দুটি গরু এবং গারফা গ্রামের ইকবাল শেখের গোয়াল থেকে দুটি বাছুর চুরি হয়েছে।
নজরুল মীর জানান, ভোর ৪টার দিকে চোরেরা তার গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু নিয়ে যায়। চুরি যাওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এতে তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।
একই রাতে গারফা গ্রামের ইকবাল শেখের গোয়াল থেকেও দুটি বাছুর চুরি হয়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বাছুর দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।
এদিকে উপজেলার আরেকটি গোয়ালে ঢুকে গরু চুরির চেষ্টা করে চোরের দল। তারা তালা কাটার সময় শব্দ পেয়ে গোয়ালের মালিকের ঘুম ভেঙে যায়। বিষয়টি টের পেয়ে তিনি সতর্ক হলে চোরেরা গরু না নিয়েই পালিয়ে যায়।
একই রাতে পরপর চুরির ঘটনায় স্থানীয় গরু পালনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা রাতে গবাদিপশুর নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। চুরি ঠেকাতে এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
































