মোদির আশ্বাসেও অনড় আন্দোলনকারীরা
- সর্বশেষ আপডেট ০৩:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 50
ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস কেলেঙ্কারি ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে।
শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর প্রথমবারের মতো মুখ খুলে প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, দেশের তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।
প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মোদি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও আন্দোলন থেকে সরে আসেনি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি পুনরায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীরা মনে করছেন, শুধু কঠোর শাস্তির আশ্বাস নয়, প্রশ্নফাঁসের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগও নিশ্চিত করতে হবে।

































