মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
- সর্বশেষ আপডেট ০৭:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 105
মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। মজিবুর রহমান, শামীমা আক্তার ও সাবিহা চৌধুরী একই পরিবারের সদস্য বলে জানা গেছে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে চালক সোহেলের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে প্রাইভেটকারে থাকা অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ‘নিউ বলেশ্বর’ নামের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি গজারিয়ার মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষে ঢাকার গেন্ডারিয়া যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।
ভবেরচর হাইওয়ে থানার ওসি মনির হোসেন জানান, নিহত চারজনের মধ্যে প্রাইভেটকারের চালকসহ তিনজন একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।






























