ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০২:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 8
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুজনের একজন রাশিদা খাতুন (৪২)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা। গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে।
অন্যজন গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা জাফর আলী (৭০)। গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, এআরডিএস, সেপসিস, সেপটিক শক ও ডিআইসি উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন।
বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ১৭৮ জন।





























