ভারতের পুনেতে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা

- সর্বশেষ আপডেট ০৭:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 149

বিজেওয়াইএম সদস্যরা এমআইটি-ডব্লিউপিইউ গেটের বাইরে রাস্তায় বাংলাদেশের পতাকা এঁকে ভাঙচুর করেছে বলেও অভিযোগ। |
ভারতের পুনেতে একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা ও বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী খাবারের স্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটির তিন দিন পেরিয়ে গেলেও এখনো আনুষ্ঠানিক মামলা না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুনের মহারাষ্ট্র ইনস্টিটিউট অব টেকনোলজি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটিতে (এমআইটি-ডব্লিউপিইউ) অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’-এ এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম)-এর কর্মীরা বাংলাদেশি শিক্ষার্থীদের স্টলে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
উৎসবটি ‘ওয়ান ওয়ার্ল্ড, ম্যানি কালচারস, ওয়ান সেলিব্রেশন’ প্রতিপাদ্যে আয়োজন করা হয়, যেখানে ভারতসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশ নেন। বিভিন্ন দেশের খাবারের স্টল, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদর্শনী ছিল আয়োজনের অংশ। কয়েকজন শিক্ষার্থীর দাবি, অভিযুক্তরা কোনো প্রবেশপত্র বা পরিচয়পত্র ছাড়াই ক্যাম্পাসে প্রবেশ করেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালান।
উৎসবে উপস্থিত এক আন্তর্জাতিক শিক্ষার্থী ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, হামলাকারীদের কাছে কোনো আইডি কার্ড ছিল না এবং তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিলেন না। এরপরও তারা ক্যাম্পাসে ঢুকে স্টল ভাঙচুর করে এবং শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। অভিযোগ রয়েছে, এ সময় নিরাপত্তারক্ষীরা কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বাংলাদেশের পতাকা এঁকে সেটির ওপর পা দিয়ে অবমাননাকর আচরণের অভিযোগও ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গণেশ পোকলে এক বিবৃতিতে জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, কিছু অননুমোদিত ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে এই ‘দুর্ভাগ্যজনক’ ঘটনার জন্ম দেয় এবং পুলিশে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে বিজেওয়াইএমের পুনে শহর সভাপতি দুষ্যন্ত মোহল দাবি করেন, বাংলাদেশি পতাকা ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীদের একটি চিঠি পাওয়ার পর তারা পদক্ষেপ নেন। তার বক্তব্য, স্টল নিয়ে তাদের আপত্তি ছিল না, বরং পতাকা ব্যবহারের বিষয়টি নিয়ে বিরোধ তৈরি হয়। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এমন পরিস্থিতি হলে তারা আবারও ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনে আইনি লড়াই করবেন।
এদিকে ঘটনার তিন দিন পার হলেও মামলা দায়ের না হওয়ায় সমালোচনা বাড়ছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১১ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ জমা দিলেও এখনো এফআইআর নথিভুক্ত হয়নি।
পুনে পুলিশের ডেপুটি কমিশনার সাম্ভাজি কদম জানান, লিখিত আবেদন জমা দেওয়া এবং এফআইআর দায়ের দুটি ভিন্ন বিষয়; এ জন্য বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন। তবে ভিডিও ফুটেজে ঘটনা স্পষ্ট দেখা যাচ্ছে উল্লেখ করে আইনজীবী ও অধিকারকর্মী আসিম সরোদে বলেন, পুলিশের স্বপ্রণোদিত হয়ে মামলা নেওয়া উচিত ছিল।
ভিডিও থাকার পরও কেন মামলা হয়নি—এ প্রশ্নে পুলিশ জানায়, তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা গেছে। মহারাষ্ট্র যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অক্ষয় জৈন অভিযোগ করেন, ছোটখাটো প্রতিবাদেও দ্রুত মামলা হয়, কিন্তু ক্যাম্পাসে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের ভিডিও থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এনসিপি (এসপি)-এর জাতীয় মুখপাত্র অনীশ গাওয়ান্ডে বলেন, দীর্ঘদিন ধরে পুনেতে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করছে এবং এ ঘটনায় দ্রুত এফআইআর করা পুলিশের দায়িত্ব। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।
এনএসইউআইয়ের পুনে সহ-সভাপতি সিদ্ধার্থ জাম্ভুলকর বলেন, এমআইটির এই ঘটনা নিন্দনীয় ও উদ্বেগজনক; এ ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে।


































