নিরাপত্তা শঙ্কায়
ব্রিটিশ ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
- সর্বশেষ আপডেট ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 15
পেন্টাগনের এক কর্মকর্তা রোববার জানিয়েছেন, একটি ব্রিটিশ বিমানঘাঁটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারের এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ওই ঘাঁটি থেকে তাদের বি-১ বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে।
লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে এক ডজন বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানে মার্কিন হামলায় এসব বিমান ব্যবহার করা হয়েছিল।
পেন্টাগনের এক মুখপাত্র ই-মেইলে লিখেছেন, অপারেশনাল নিরাপত্তার কারণে আমরা আমাদের সামরিক সরঞ্জাম ও বাহিনীর গতিবিধি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারিনি। তবে এখন আমরা নিশ্চিত করতে পারি যে আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন করা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজ নিজ ঘাঁটিতে ফিরে গেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বুধবার বলেছেন, বিমানঘাঁটিটিকে লক্ষ্য করে কথিত ষড়যন্ত্রের সঙ্গে ইরান জড়িত থাকার বিষয়ে ব্রিটেনের কাছে ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে। ইরান বলেছে, কথিত এই পরিকল্পনার সঙ্গে তেহরানকে যুক্ত করার অভিযোগ ভিত্তিহীন এবং এ বিষয়ে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে।
ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম প্রতিবেদন প্রকাশ করে যে স্থাপনাটির বিরুদ্ধে সন্দেহভাজন সন্ত্রাসী ষড়যন্ত্র নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে বিমানগুলো ঘাঁটি থেকে সরিয়ে নেয়া হয়েছে।
ব্রিটিশ সরকার ফেয়ারফোর্ডে অবস্থানরত মার্কিন বোমারু বিমানগুলোকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালানো ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা করার অনুমতি দিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ষড়যন্ত্রের সঙ্গে জড়িতরা ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি’ করার পরিকল্পনা করেছিল। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এর পেছনে ‘একটি বিদেশী পক্ষের হাত’ থাকার কথা উল্লেখ করেছেন।































